ইসরাইলের কারাগার থেকে চামচ দিয়ে সুড়ঙ্গ খুলে পালিয়ে যাওয়া ছয়জন ফিলিস্তিনি কয়েদীর মধ্যে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুই কয়েদীকে ইসরাইলের একটি গাড়ি পার্কিং লট থেকে আটক করা হয় বলে জানিয়েছে তারা। আর বাকি দুইজন শুক্রবার নাজারেথ শহর থেকে আটক হন।
গত সোমবার (৬ সেপ্টেম্বর) ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিনি কয়েদী পালিয়ে যাওয়ার পর তাদের খুঁজতে অভিযান চালানো শুরু হয়।
পালিয়ে যাওয়া ওই কয়েদীদেরকে 'নায়ক' বলে আখ্যা দেয় ফিলিস্তিনের জনগণ। তারা কয়েক মাস ধরে চামচ দিয়ে মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালাতে সক্ষম হয় বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: চামচ দিয়ে সুড়ঙ্গ খুড়ে ইসরাইলী কারাগার থেকে ফিলিস্তিনির পলায়ন
কারা কর্মকর্তারা বলেছেন, বন্দিদের পালিয়ে যাওয়ার এই দৃশ্য দেখেন কারাগারের বাইরে কৃষি মাঠগুলোতে থাকা কৃষকরা। তারাই পরে কারাগারের কর্মকর্তাদের বিষয়টি জানান।
পালিয়ে যাওয়া ওই ছয় ফিলিস্তিনির মধ্যে সশস্ত্র দল আল-আকসা মারটায়ার্স ব্রিগেড’র সাবেক একজন নেতা রয়েছেন বলে জানা গেছে। এছাড়া বাকি পাঁচজন ইসলামিক জিহাদের সদস্য।
ইসরাইলি কারাগারের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বন্দি পালিয়ে যাওয়ার এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন।
একাত্তর/এসজে