ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি। এসময় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে পাঁচতলা হোটেল ভবনটির বেসমেন্টে অবস্থিত ‘মিকাসা ইন’ নামে একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
সকালের দিকে আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ফলে আগুন লাগার পরে তারা আর বেরিয়ে আসতে পারেননি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বেশিরভাগ লোকই আটকে পড়েন। তাদের মধ্যে কয়েকজন প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে ঝাঁপ দেন। কিন্তু ঘরে মধ্যে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ২১ জনের।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দু’টি ইউনিট পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো এবং উদ্ধারকাজ শুরু করে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেলের বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে লাফ দেন এবং আহত হন। তাদেরও উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে হোটেলের রাঁধুনি কেসর সিংহ জানিয়েছেন, সকাল ৮টায় তিনি রান্নাঘরে ঢোকেন। বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি তার। সঙ্গে সঙ্গে তিনি সহকর্মীকে বিষয়টি জানিয়ে সতর্ক করেন। কিন্তু ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি কোনোরকমে হোটেল থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন।