৫০ বছর পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে একটি আগ্নেয়গিরি থেকে ৫০ বছর পর অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ফলে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে দ্বীপের চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দাকে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুম্ব্রে ভিয়েজা আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরন শুরু হয়। লাভায় পুড়ে ছাই হয়ে যায় অন্তত ২০টি বাড়িঘর। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের শব্দ ছিল ২০টি ফাইটার বিমান একসাথে উড্ডয়নের মতো বিকট। 

স্থানীয়দের সরিয়ে নিতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে সেখানে সেনাবাহিনী ও সিভিল গার্ড মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় আটজন নিহত

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেজন্য জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগদান করতে নিউ ইয়র্ক যাত্রাও পিছিয়ে দিয়েছেন তিনি। 


কুম্ব্রে ভিয়েজা আগ্নেয়গিরি থেকে সবশেষ ৫০ বছর আগে ১৯৭১ সালে অগ্ন্যুৎপাত হয়েছিলো। তবে, গত এক সপ্তাহ ধরে আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় ২২ হাজারেরও বেশি ছোট ছোট কম্পন অনুভূত হওয়ায় সতর্ক অবস্থায় ছিলেন সেখানকার বাসিন্দারা। 


একাত্তর/এসজে