রাশিয়ার পার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে ওই ব্যক্তি। এসময় নিজেদের বাঁচাতে ভবনের ভেতরে আশ্রয় নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে অনেককে জানালা থেকে লাফ দিয়ে বাইরে পড়তেও দেখা যায়।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ১৯ জন আহত হয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র। হামলার পর তাকে আহত অবস্থায় আটক করা হয়।
আরও পড়ুন: কুইন্স বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন হিলারি ক্লিনটন
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনকিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও, তার সাথে আর কেউ জড়িত ছিল না এবং তার কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য ছিল না বলে সে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানিয়েছে বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম।
একাত্তর/এসজে
