যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে বাহরাইনে হামলা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে বাহরাইনের ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের সর্বশেষ হামলার পর একে ইরানের আগ্রাসনের পুনরাবৃত্তি বলে নিন্দা জানিয়েছে বাহরাইন।

রোববার (১৫ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চালানো হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কোনো অজুহাতেই একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে বাহরাইনের ভূখণ্ড ব্যবহার করার বিষয়টি প্রত্যাখ্যান করছে দেশটি। এসব হামলা এবং এর পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করেছে বাহরাইন।

এর আগে দেশটির সামরিক বাহিনী জানিয়েছিল, বাহরাইনকে লক্ষ্য করে ইরানের চালানো বেশ কয়েকটি আকাশপথে হামলা প্রতিহত ও ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষাব্যবস্থা।

শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে তারা। অন্যদিকে, ওই দিন দুটি চালকবিহীন আকাশযান প্রতিহত করার কথা জানিয়েছিল বাহরাইন।