ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো ইরানবিরোধী নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা নিয়ে এবার পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গাডি আইজেনকোটের সঙ্গে গোপন বৈঠক করেছেন তিনি। তবে ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই যুদ্ধংদেহী পরিকল্পনা নিয়ে স্বয়ং দেশের ভেতরেই তীব্র মতবিরোধ ও সেনাপ্রধানের ঘোর আপত্তির মুখে পড়েছেন নেতানিয়াহু।
চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার আইজেনকোটকে ডেকে পাঠিয়ে ইরানের বিরুদ্ধে হামলার সপক্ষে নিজস্ব গোয়েন্দা তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করেন নেতানিয়াহু। তাঁর মূল উদ্দেশ্য ছিল, আইজেনকোটের দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে সামরিক অভিযানের পক্ষে নিয়ে আসা। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, মোসাদ প্রধান রোমান গফম্যানকে যে গোপনে ওয়াশিংটনে পাঠানো হয়েছে, সে বিষয়ে ঘুণাক্ষরেও টের পাননি খোদ সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট! রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক মাঝপথে এমন গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন চলছে।
ওয়াশিংটনে গিয়ে ঠিক কী করছেন মোসাদ প্রধান? ‘হারেৎজ’ ও চ্যানেল ১৩-এর প্রতিবেদন বলছে, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ এবং মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন মোসাদ প্রধান গফম্যান। তেহরানের পারমাণবিক কর্মসূচি, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে চুক্তি লঙ্ঘনের নানা ‘প্রমাণ’ ও গোয়েন্দা তথ্য মার্কিনিদের সামনে তুলে ধরাই তাঁর মূল মিশন। মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এমন কোনো গোপন সমঝোতা হয়ে যেতে পারে, যা ইরানের ওপর থেকে আন্তর্জাতিক চাপ কমিয়ে দেবে—এমন আশঙ্কা থেকেই আগাম এই তৎপরতা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন।
তবে ঘরের ভেতরের দৃশ্যপট বেশ উত্তপ্ত। ইসরাইলের সম্প্রচারমাধ্যম ‘কান’-এর খবর অনুযায়ী, চিফ অব স্টাফ বা সেনাপ্রধান ইয়াল জামির নিজে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তাত্ত্বিক পক্ষে থাকলেও বর্তমান সময়টিকে উপযুক্ত মনে করছেন না। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় ও সঠিক পরিস্থিতি ছাড়া এই মুহূর্তে কোনো হঠকারী পদক্ষেপে যাওয়া আত্মঘাতী হতে পারে। বরং দীর্ঘমেয়াদি কোনো ক্ষয়িষ্ণু যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে নেতানিয়াহু প্রশাসনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা হস্তান্তরের এই ক্রান্তিলগ্নে নেতানিয়াহুর এমন একক ও বেপরোয়া সিদ্ধান্ত নতুন সরকার গঠন প্রক্রিয়ায় কী ধরনের বিপর্যয় ডেকে আনে, এখন সেটাই দেখার বিষয়!
ইরানে হামলা স্থগিত রাখার কথা ভাবছেন ট্রাম্প!
ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ‘কাগুজে বাঘ’প্রমাণিত হয়েছে: ইরানি জেনারেল