ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সহায়তা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব দেশের সম্পৃক্ততার প্রমাণ নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে সরাসরি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় সহায়তা করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর ভূমিকার সব প্রমাণ নথিভুক্ত করা হয়েছে। তেহরান বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করবে।
তিনি বলেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, চালকবিহীন আকাশযান ও যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। পাশাপাশি মার্কিন বাহিনীকে রসদ সরবরাহের মাধ্যমেও এসব দেশ সহায়তা করছে।
বাঘাই অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরিণতির জন্য আঞ্চলিক এসব দেশও দায়ী।
এদিকে প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন তিনি। বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এসব হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, ইরান এসব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তেহরানের হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এতে শুধু ইরানে হামলার কাজে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা