ইরানে শত শত বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্প নির্মাণের পেছনে সামরিক উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন কয়েকজন বিশ্লেষক। দীর্ঘদিন ধরে পরিবেশবিদদের মনে প্রশ্ন ছিল, যেসব অঞ্চলে বাঁধের তেমন প্রয়োজন নেই, সেখানেও কেন বিপুলসংখ্যক বাঁধ, পাইপলাইন ও সুড়ঙ্গ নির্মাণ করেছে দেশটি। এ বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের যেসব গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে, সেগুলোর অনেকগুলোর অবস্থানের সঙ্গে বাঁধগুলোর অবস্থানের মিল পাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বিশ্লেষকদের ধারণা, ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এসব অবকাঠামো নির্মাণ করা হয়ে থাকতে পারে। তবে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপনীয়তার কারণে বাঁধ নির্মাণের সঙ্গে সামরিক স্থাপনাগুলোর যোগসূত্র এখনো অনুমাননির্ভর। কিছু বিশেষজ্ঞ অবশ্য এ বিষয়ে বেশ কিছু ইঙ্গিত পেয়েছেন বলে মনে করছেন।
জার্মানির হামবুর্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও তার দল দীর্ঘদিন ধরে ইরানের বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তাদের হিসাবে, দেশটিতে অন্তত ৫৩৩টি বাঁধ রয়েছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
নিমা শোকরি বলেন, ‘বিষয়টি সব সময়ই আমার কাছে ধাঁধার মতো মনে হয়েছে। তারা এত বাঁধ নির্মাণ করছে কেন?’
চলতি বছরের বসন্তে নিজ দেশে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ পড়ার সময় তিনি সন্দেহভাজন সামরিক স্থাপনায় বিমান হামলার একটি মানচিত্র দেখেন। সেখানে উত্তর থেকে দক্ষিণে অর্ধবৃত্তাকারভাবে চিহ্নিত হামলার স্থানগুলো তার তৈরি বাঁধের মানচিত্রের সঙ্গে প্রায় মিলে যায়।
শোকরি বলেন, তখন তার পুরোনো প্রশ্নের জায়গায় নতুন প্রশ্ন আসে, ‘যেখানে বাঁধ রয়েছে, সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা কাছাকাছি হচ্ছে বলে মনে হচ্ছে কেন?’
দ্য নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দেওয়া পানি ও সামরিক বিষয়ক সাতজন বিশেষজ্ঞের মতে, বাঁধ থেকে অব্যাহত পানি ও বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। তাই এসব সুবিধার কাছাকাছি বিস্তৃত ও অত্যাধুনিক সামরিক স্থাপনা নির্মাণ যৌক্তিক হতে পারে।
ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক দীর্ঘদিনের ইরানবিষয়ক বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচের মতে, এতে তেহরানের সামরিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়।
তিনি বলেন, ‘জাতীয় অবকাঠামোর ওপর নির্ভর না করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর জন্য নিজস্ব ব্যবস্থা গড়ে তোলার যথেষ্ট কারণ রয়েছে। বাঁধ ও পানি প্রকল্পের মতো অবকাঠামোর মাধ্যমে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর জন্য স্বনির্ভর বা বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইরান বিনিয়োগ করে থাকতে পারে।’
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয় এবং বাঁধ নির্মাণে ভূমিকা রাখা দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কোনো মন্তব্য করেনি।
ইরান ভূগর্ভস্থ এসব সামরিক স্থাপনাকে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ বলে অভিহিত করে। পাহাড়ের গভীরে খনন করা সুরক্ষিত সুড়ঙ্গ ও কক্ষ নিয়ে এসব স্থাপনা গড়ে উঠেছে। সেখানে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান সংরক্ষণ ও মোতায়েনের পাশাপাশি সেগুলো উৎপাদনও করা হয়।
ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ও ইরানের সামরিক বিষয়ক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, দেশজুড়ে এ ধরনের অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র স্থাপনা রয়েছে। তার মতে, ইরানের মতো এত বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক স্থাপনার ব্যবস্থা খুব কম দেশেরই রয়েছে। উত্তর কোরিয়াকে এর ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে পানি সংকটপ্রবণ দেশ হিসেবে ইরানের বাঁধের প্রয়োজনীয়তাও রয়েছে। শোকরি বলেন,‘দেশটির অনেক বাঁধ পানি সরবরাহ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হয়। সম্ভাব্য সামরিক ভূমিকার বিষয়টি যেন এসব প্রয়োজনীয় কাজের গুরুত্বকে আড়াল না করে।’
গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর অবস্থান ও বিস্তৃতি সামনে আসায় পরিবেশবিদদের দীর্ঘদিনের আরেকটি প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে। ২০১৮ সালে সংরক্ষিত এলাকায় কাজ করা বন্য প্রাণী সংরক্ষণকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেপ্তারের পেছনে কী কারণ ছিল?
ওই সময় গ্রেপ্তার অভিযান চালিয়েছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা। এ বিষয়ে বাহিনীটি মন্তব্য করেনি। ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যাও এখনো পাওয়া যায়নি। তবে কয়েকজন পরিবেশবিদের ধারণা, সংরক্ষণকর্মীরা কাজ করতে গিয়ে অজান্তেই স্পর্শকাতর সামরিক স্থাপনার কাছাকাছি চলে গিয়েছিলেন।
২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক ডজন সংরক্ষণকর্মীকে আটক করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা। আটক ব্যক্তিদের একজন ছিলেন পারস্য বন্য প্রাণী ঐতিহ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাভুস সাইয়েদ-এমামি। হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সংগঠনটির আরও কয়েকজন সদস্য বছরের পর বছর কারাগারে ছিলেন। তাদের কয়েকজন নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।
সে সময় ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছিলেন, নির্যাতনের অভিযোগ সম্পর্কে তারা অবগত নন এবং বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী, বিশেষ করে এশীয় চিতাবাঘের আবাসস্থল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত ক্যামেরা দিয়ে সংরক্ষণকর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন।
পারস্য বন্য প্রাণী ঐতিহ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ পাঁচ বছরের বেশি সময় কারাগারে ছিলেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি ছিল, আমি নাকি টিকটিকিকে সামরিক স্থাপনায় গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দিয়েছি।’
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সে সময় ক্ষমতায় থাকা সংস্কারপন্থী সরকারকে দুর্বল করতেই বিপ্লবী গার্ড বাহিনী ওই অভিযান চালিয়েছিল। ওই সরকার পরিবেশসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছিল।
ওয়াশিংটনে নির্বাসিত ইরানের বিশিষ্ট পরিবেশ ও পানি বিশ্লেষক নিক কৌসার বলেন, ‘আমার মনে হয়, বিপ্লবী গার্ড বাহিনী এসব স্থাপনার কাছাকাছি মাঠপর্যায়ে কাজ করা যে কাউকে, এমনকি বন্য প্রাণী সংরক্ষণকর্মীদেরও সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখে থাকতে পারে।’
২০১৮ সালের অভিযানে গ্রেপ্তার হওয়া ইরানের পরিবেশ বিভাগের সাবেক উপপ্রধান কাভেহ মাদানি বলেন, সরকারি ও গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া সংরক্ষণ দলগুলো কখনোই দুর্গম এলাকায় কাজ করত না।
সাম্প্রতিক বিমান হামলায় ইরানের দুটি অঞ্চলে লক্ষ্যবস্তু করার ঘটনা এ বিষয়ে কৌতূহল বাড়িয়েছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইরভিন ক্যাম্পাসের পানি বিশেষজ্ঞ আমির আগাকুচাক দীর্ঘদিন ধরে জাগরোসের পাহাড়ি অঞ্চল থেকে মধ্যাঞ্চলের ইয়াজদে পানি সরিয়ে নেওয়ার একটি বিশাল প্রকল্পের নির্মাণ নিয়ে বিস্মিত ছিলেন।
মার্চে ইয়াজদ অঞ্চলে বিমান হামলার পর ওই এলাকায় একটি বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশিত হয়। এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। আগাকুচাক বলেন, তার সন্দেহ হয়েছে, পানি স্থানান্তর প্রকল্পটি অন্তত আংশিকভাবে সামরিক বিবেচনায় প্রভাবিত হয়ে থাকতে পারে।
বন্য প্রাণী ঐতিহ্য ফাউন্ডেশনের তাহবাজ বলেন, কারাগারে থাকাকালে জিজ্ঞাসাবাদকারীরা হরমোজগান প্রদেশে তার দলের কাজ নিয়ে অস্বাভাবিক আগ্রহ দেখাতেন। সেখানে বিরল লারিস্তান বুনো ভেড়া সংরক্ষণের একটি প্রকল্প ছিল।
তিনি বলেন, ‘ওই এলাকা নিয়ে তারা অবিশ্বাস্য রকম সংবেদনশীল ছিল।’
গত ১৪ জুলাই হরমোজগান প্রদেশের তারোম সংরক্ষিত এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় স্থানীয় এক বন্য প্রাণী রেঞ্জারের পরিবারের সদস্যরা নিহত হন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সামরিক বিশেষজ্ঞ নাদিমির মতে, এলাকাটি ভূগর্ভে নির্মিত ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির সম্ভাব্য অবস্থান থেকে খুব বেশি দূরে নয়।
তবে পরিবেশবিদদের কাছে এলাকাটির পরিচিতি ছিল সম্পূর্ণ ভিন্ন কারণে। নিক কৌসার বলেন, ‘সেখানে লারিস্তান বুনো ভেড়ার জন্য খড় রাখার একটি গুদাম ছিল।’
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস