তালেবান সরকারকে সমর্থন দিতে ইমরানের আহ্বান

আফগানিস্তানের জনগণের স্বার্থে দেশটির তালেবান সরকারকে সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগান সরকারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে সামনে এই একটাই পথ খোলা আছে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জানিয়েছে পাকিস্তানভিত্তিক জিয়ো নিউজ। 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, "এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দুটি পথ আছে যা আমরা গ্রহণ করতে পারি। যদি আমরা এখনই আফগানিস্তানকে অবহেলা করি, তাহলে জাতিসংঘের মতে আফগানিস্তানের অর্ধেক মানুষ ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং আগামী বছর প্রায় ৯০ শতাংশ আফগান দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।" 

তিনি বলেন, "সামনে একটি বিশাল মানবিক সংকট অপেক্ষা করছে। এবং এটি কেবল আফগানিস্তানের প্রতিবেশীদের জন্যই নয়, সর্বত্র মারাত্মক প্রভাব ফেলবে।"

"আফগানিস্থান আন্তর্জাতিক সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে" বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। 

তিনি আরও বলেন, "অতএব, একটাই পথ আছে। আফগানিস্তানের জনগণের স্বার্থে আমাদের বর্তমান সরকারকে শক্তিশালী এবং স্থিতিশীল করতে হবে।"

নতুন আফগান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেলে সবার জন্যই মঙ্গল বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে তালেবান বলেছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়েরও

একই চিঠিতে তালেবান মুখপাত্র মোহাম্মদ সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার হামলায় প্রাণ হারান কয়েক হাজার মানুষ। এ ঘটনার জন্য মার্কিন সরকার জঙ্গিগোষ্ঠী আল কায়েদাকে দায়ী করে ওই গোষ্ঠীর নেতা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানায়।

কিন্তু তৎকালীন তালেবান নেতৃত্ব ঘোষণা করেছিল তারা কিছুতেই আমেরিকার হাতে লাদেনকে তুলে দেবেন না। এরপর একই বছরের ৭ অক্টোবর আফগানিস্তানে হামলা চালিয়ে দেশটি দখল নেয় আমেরিকা। পতন ঘটে তালেবান সরকারের। ওই ঘটনার ২০ বছর পর চলতি বছরের আগস্টে কাবুল দখলের মধ্য দিয়ে আবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।


একাত্তর/আরবিএস