ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে কী আলোচনা করবেন শি ও পুতিন?

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সম্মেলনে বিশ্বশান্তিসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে তিন নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের পূর্ণমাত্রার হামলা আপাতত বন্ধ থাকলেও সংঘাত এখনো অচলাবস্থায় রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন, আসন্ন সম্মেলনে তিন নেতা ‘বিশ্বশান্তিসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করবেন’।

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে তেহরান অস্বীকৃতি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প এই সম্মেলনকে তার প্রশাসনের কূটনৈতিক প্রভাব তুলে ধরার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। একই সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা চাইতে পারেন তিনি। কারণ, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইরানের তেল কেনার মাধ্যমে দেশটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। বেইজিং চায়, সংঘাতের অবসান হোক এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হোক। যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেলের মোট সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

অন্যদিকে, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় লাভবান হয়েছে রাশিয়া। পাশাপাশি ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের সুবিধাও পেয়েছে মস্কো।

সব মিলিয়ে ইরান যুদ্ধের অবসান, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিন নেতার আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সূত্র: আল-জাজিরা