কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্স বা আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ড্রোনটিকে শনাক্ত করেন এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ধ্বংস করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অত্যন্ত নিখুঁত এই সামরিক অভিযানটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের (ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: তাসনিম নিউজ
