মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতির পর ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার পরপরই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের একজন স্থানীয় কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপে অন্তত পাঁচ থেকে ছয়টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও দ্বীপটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।
তবে বড় কোনো ক্ষয়ক্ষতির দাবি নাকচ করে দিয়েছেন দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমেদ নাফিসি। ইরনাকে তিনি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে চালানো মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক বা কোনো অবকাঠামোগত এলাকার ক্ষয়ক্ষতি হয়নি। দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সকল ত্রাণ, সেবা ও নির্বাহী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও তিনি জানান। এর আগে গত ২ নভেম্বরও হরমুজ প্রণালীর এই গুরুত্বপূর্ণ দ্বীপটিতে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।
কেশম দ্বীপে মার্কিন হামলার ঠিক আগেই মঙ্গলবার সকালে বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তেহরান, যা গত চার দিনের মধ্যে দেশটিতে ইরানের তৃতীয় হামলা। ইরানের অভিজাত বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ‘সেপাহ নিউজ’ ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তাদের যুদ্ধ ড্রোনগুলো একটি নিখুঁত অভিযানের মাধ্যমে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর পরিচালিত একটি রাডার সিস্টেমে আঘাত হেনেছে। মার্কিন সামরিক ড্রোন কর্তৃক বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবেই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা ক্রমশ বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করে আসছে তেহরান।
ইরানের দাবি, কেবল তাদের অনুমোদিত রুট দিয়েই জাহাজ চলাচল করতে হবে। অননুমোদিত আখ্যা দিয়ে তারা নিয়মিত বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে এবং সাম্প্রতিক সময়ে প্রণালীতে মাইন বিস্ফোরণে একাধিক জাহাজে আগুন ধরে যাওয়ার দাবিও করেছে।
বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই তৎপরতার জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে এবং তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে প্রণালী পার হতে সহায়তা দিচ্ছে। পাশাপাশি জলপথটি থেকে ইরানের পুঁতে রাখা সব মাইন অপসারণ করা হয়েছে বলেও দাবি করেছে মার্কিন বাহিনী।
তথ্যসূত্র: এনডিটিভি
