যুদ্ধের উত্তাপেও এক মাসে বিশ্ববাজারে তেলের দাম কমেছে ১৪ শতাংশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক মাসে ১৪ শতাংশ কমেছে। 

সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬২ ডলারে।

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে আগুন, ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও এ সপ্তাহে তেলের দাম মোটামুটি স্থিতিশীল ছিল।

সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রাজধানী রিয়াদে হুতিদের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা শুক্রবার হরমুজ প্রণালীর নিরাপত্তাঝুঁকির মাত্রা ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির এই সতর্কবার্তা থেকে সেখানে আরও হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এ পরিস্থিতির মধ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও কঠোর করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার যুদ্ধ আবার শুরুর ইঙ্গিত দিচ্ছেন।

তবে আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। যদিও এক বছর আগের তুলনায় সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম। পাশাপাশি সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের মতো বিকল্প গুরুত্বপূর্ণ পথ দিয়েও জ্বালানি সরবরাহ হচ্ছে।

তবে গত এক মাসে দাম কমলেও গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম অনেক বেশি। সে সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার।

সূত্র: আল-জাজিরা