মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার পারদ আরও চড়িয়ে বাহরাইনের পর, এবার কুয়েতের ‘আলি আল সালেম’ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার ভোরে পরিচালিত এই অভিযানে ঘাঁটিটিতে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) ও রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে প্রচারিত ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এই হামলার বিস্তারিত তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোররাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমব্যাট এবং কামিকাজে ড্রোনগুলো কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে সফল আঘাত হেনেছে।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কুয়েতের এই আলি আল সালেম বিমানঘাঁটিটি পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের একটি প্রধান প্রবেশদ্বার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশপথ পরিবহন কেন্দ্র বা এয়ার ট্রান্সপোর্ট হাব। পুরো অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক ও লজিস্টিক কৌশল বাস্তবায়নে এই ঘাঁটিটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। ফলে এই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। সেনাবাহিনীর বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ইরান রক্ষায় আমরা কোনো শক্তির সামনে মাথা নত করব না। বরং যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত, বিধ্বংসী এবং কোনো ধরনের ভৌগোলিক সীমাবদ্ধতাহীন।
উল্লেখ্য, ইরানের ভূখণ্ডে যেকোনো নতুন আগ্রাসনের জবাবে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং নৌ-সম্পদগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে তেহরান আগে থেকেই বারবার সতর্ক করে আসছিল। বাহরাইনে মার্কিন রাডার সিস্টেম ও হরমুজ প্রণালীর কেশম দ্বীপে পাল্টাপাল্টি হামলার রেশ কাটতে না কাটতেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলল।
তথ্যসূত্র: ইরনা
