যুদ্ধের চাপে কি পরমাণু অস্ত্রের পথে হাঁটবে ইরান?

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অবস্থান ছিল স্পষ্ট। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষির উন্নয়ন, এসব শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হবে পরমাণু প্রযুক্তি। পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই তেহরানের। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করে ধর্মীয় নির্দেশনা দিয়েছিলেন।

কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর সেই অবস্থান নিয়েই ইরানের ভেতরে শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্ককে আরও সামনে এনেছে। তিনি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, তা নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।

তাহলে কি যুদ্ধের অভিজ্ঞতা ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের পথ তৈরি করছে? পরমাণু অস্ত্র না বানানোর দীর্ঘদিনের অঙ্গীকার থেকে কি সরে আসতে পারে তেহরান? আর এমন সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার ভবিষ্যৎ কী হবে?

যে নীতি নিয়ে নতুন করে বিতর্ক

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ইরানের ভেতরেই থাকবে। দেশের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা হবে, আর সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, সেটিও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইলের হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল, যা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল। পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। তবে ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে পৌঁছানো তুলনামূলকভাবে অনেক দ্রুত সম্ভব। বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত প্রায় ৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।

আরাঘচি জানিয়েছেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তন নিয়ে আইনপ্রণেতা ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এই বিতর্কের দুই পক্ষেরই জোরালো যুক্তি রয়েছে বলে মনে করেন তিনি। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

ছবি: সংগৃহীত

নীতি পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, পরমাণু অস্ত্র না বানানোর বর্তমান অবস্থান ইরানের পরমাণু স্থাপনাগুলোকে হামলা থেকে রক্ষা করতে পারেনি। গত বছর ও এ বছর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলায় এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আরাঘচি এটাও স্পষ্ট করেছেন, পরমাণু নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হলে তার সুদূরপ্রসারী পরিণতি হবে। আপাতত ইরানের নীতি বদলায়নি এবং সরকারি অবস্থানও আগের মতোই রয়েছে।

হামলা, ইউরেনিয়াম ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্বেগ নতুন নয়। ১৯৭০ সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগ দেওয়ার পর থেকেই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দাবি করে আসছে তেহরান। তাদের বক্তব্য, এই অধিকার নিয়ে কোনো আপস করা হবে না।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমিত রাখা এবং আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দেওয়ার শর্ত ছিল। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর ইরানও চুক্তির বিধিনিষেধ থেকে সরে এসে পরমাণু কর্মসূচি জোরদার করে।

২০২৫ সালের জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদ জানায়, ইরান আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তাব্যবস্থার প্রতিশ্রুতি পালন করছে না। তেহরান এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অজুহাত তৈরি করেছে সংস্থাটি। এর কয়েক দিন পর ১২ দিনের যুদ্ধে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়।

হামলার পরও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পুরোপুরি ধ্বংস হয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চলতি বছরের মার্চে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, হামলার পর ইরানের অন্তত ২০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম টিকে গেছে বলে ধারণা করা হচ্ছে। এসব ইউরেনিয়াম ইসফাহানের পরমাণু স্থাপনার ভেতরে বা আশপাশে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। তবে পরিদর্শনের সুযোগ না থাকায় সংস্থাটি এর পরিমাণ বা অবস্থান নিশ্চিত করতে পারছে না।

ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। যুক্তরাষ্ট্রের দাবি, ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার মধ্য দিয়ে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। গত মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স প্রশ্ন তোলেন, পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা না থাকলে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম কেন প্রয়োজন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। গত সপ্তাহে এক ভাষণে তিনি বলেন, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসন আবারও তাদের পরমাণু কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইসরাইলের নিজস্ব পরমাণু অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও দেশটি কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

তেহরানের ভেতরে দুই ধরনের অবস্থান

পরমাণু নীতি পরিবর্তনের আলোচনা এখন ইরানের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক মহলেও জায়গা করে নিয়েছে। চলতি মাসের শুরুতে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের পরমাণু নীতি অনুসরণ করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে তিনিও স্পষ্ট করেন, এখনো কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি।

১২ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদ জানায়, দেশের প্রতিরক্ষানীতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রতিরোধক্ষমতা গড়ে তোলা এখন অনিবার্য প্রয়োজন হয়ে উঠেছে।

জার্মান-ইরানি রাষ্ট্রবিজ্ঞানী ও মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের পরিচালক আলী ফাতোল্লাহ-নেজাদ বলেন, বিশেষজ্ঞ পরিষদের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির কোনো শাসনপ্রতিষ্ঠান পরমাণু নীতি পরিবর্তনের অবস্থানকে সমর্থন করেছে বলে মনে হচ্ছে।

তবে ইরানের সরকারের ভেতরে এ বিষয়ে মতভেদ রয়েছে। ফাতোল্লাহ-নেজাদের মতে, কট্টরপন্থী আইনপ্রণেতা ও ধর্মীয় নেতাদের একটি অংশ মনে করেন, সরকারের নিরাপত্তা ও প্রতিরোধক্ষমতার জন্য পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অপরিহার্য। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের মতো ব্যক্তিরা পরমাণু অস্ত্র তৈরির বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও হামলা প্রায় অনিবার্য হয়ে উঠবে।

ফাতোল্লাহ-নেজাদের পর্যবেক্ষণ, আপাতত ইরান তার পরমাণু নীতি নিয়ে অস্পষ্টতা বজায় রাখছে।

পরমাণু অস্ত্র কি আত্মরক্ষার কৌশল হতে পারে?

ইরান শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র না বানানোর নীতি থেকে সরে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করেন সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মানবাধিকারবিষয়ক বিভাগের গবেষক এবং ইরানবিষয়ক বিশ্লেষক রুজবেহ পারসি।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ তেহরানের হিসাব-নিকাশে বড় পরিবর্তন এনেছে। প্রয়াত সর্বোচ্চ নেতার জারি করা পরমাণু অস্ত্রবিরোধী ধর্মীয় নির্দেশনা নতুন করে বহাল রাখা হবে কি না, তা নিয়েও এখন আগের চেয়ে বেশি আলোচনা হচ্ছে।

ছবি: সংগৃহীত

পারসির মতে, একসময় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তা ইরানের রাজনীতিতে প্রান্তিক মত হিসেবে বিবেচিত হতো। এখন তা সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছে। তবে এটি কোনো সিদ্ধান্ত নয়, বরং যুদ্ধের বাস্তবতায় দেশটির প্রতিরোধনীতি নতুন করে ভাবার ইঙ্গিত।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন মনে করেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের পক্ষে দেশটির ভেতরে একটি প্রতিরক্ষামূলক যুক্তি তৈরি হচ্ছে। তার মতে, প্রচলিত পরমাণু কৌশল অনুযায়ী, অন্য রাষ্ট্রের হামলা ঠেকাতে পরমাণু অস্ত্র শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর ইরানের কাছে এই যুক্তি গ্রহণযোগ্য মনে হতে পারে।

তবে এমন পরিবর্তন আন্তর্জাতিক আইন ও নৈতিকতার দিক থেকে বড় প্রশ্ন তৈরি করবে বলে সতর্ক করেছেন তিনি। কারণ, পরমাণু অস্ত্র তৈরি করতে হলে ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে হতে পারে।

নীতির পরিবর্তন কি নতুন সংঘাত ডেকে আনবে?

ইরানের পরমাণু নীতির ভবিষ্যৎ শুধু দেশটির নিরাপত্তার প্রশ্ন নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনারও বড় বাধা হয়ে উঠেছে।

ওয়াশিংটনের শর্ত, যেকোনো আলোচনার শুরুতেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুক্তরাষ্ট্র এমন নিশ্চয়তা চায়।

অন্যদিকে ইরান আলোচনায় বসার আগেই নিজেদের সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে অবরোধ তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ব্যবহারের সুযোগ ফিরিয়ে দেওয়া এবং সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা। এসব শর্ত পূরণের আগে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় যেতে চায় না তেহরান।

ফাতোল্লাহ-নেজাদের মতে, ইরান পরমাণু নীতি বদলালে তা হবে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য, অর্থাৎ তেহরানের কাছ থেকে পরমাণু বিষয়ে ছাড় আদায়ের সরাসরি বিরোধী।

অধ্যাপক মাবনের আশঙ্কা, ইরানের পরমাণু নীতিতে পরিবর্তন এলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংঘাতের পরবর্তী ধাপকে ভিন্নভাবে দেখতে পারে। বিশেষ করে ইসরাইল এমন পরিবর্তনকে আবারও সামরিক হামলা শুরুর কারণ হিসেবে বিবেচনা করতে পারে।

তিনি বলেন, ইরান যদি আত্মরক্ষার উদ্দেশ্যেও পরমাণু নীতিতে পরিবর্তন আনে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেটিকে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করতে পারে। তার ভাষায়, এটি অত্যন্ত বিপজ্জনক সময়।

ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত ইরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি, এমনকি আনুষ্ঠানিকভাবে তার নীতিও বদলায়নি। কিন্তু যুদ্ধের পর দেশটির নীতিনির্ধারকদের মধ্যে যে বিতর্ক শুরু হয়েছে, তা আগের অবস্থানের তুলনায় ভিন্ন। একদিকে হামলার মুখে নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্ন, অন্যদিকে পরমাণু অস্ত্র তৈরি করলে আরও হামলার ঝুঁকি। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ইরান কোন পথ বেছে নেয়, তার ওপর নির্ভর করতে পারে শুধু দেশটির পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের গতিপথও।

তথ্যসূত্র: আল-জাজিরা