পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন পরিকল্পনা কিমের

পারমাণবিক অস্ত্রের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এসব অস্ত্র মোতায়েনের ওপর গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েন সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন কিম। এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অর্জনকে বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।

প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি পরিদর্শনে দেশটির নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

কিম বলেন, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবতা।’ বিভিন্ন ধরনের অভিযানের প্রয়োজনে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম বা অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।

সংবাদমাধ্যমটির প্রকাশ করা ছবিতে কিম ও দেশটির কর্মকর্তাদের কয়েকটি যন্ত্রপাতি পরিদর্শন করতে দেখা যায়। বিশ্লেষকদের ধারণা, ছবিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে ব্যবহৃত গ্যাস সেন্ট্রিফিউজ এবং ক্ষুদ্রাকৃতির কৌশলগত পারমাণবিক ওয়ারহেড দেখা গেছে। এসব ওয়ারহেডের মধ্যে হোয়াসান-৩১ থাকতে পারে বলে মনে করছেন তারা।

সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক মাথা ব্যবহার করা হয় কৌশলগত পারমাণবিক অস্ত্রে। অন্যদিকে দূরপাল্লার হামলার জন্য তৈরি করা হয় বৃহৎ পরিসরের পারমাণবিক অস্ত্র। ২০২৩ সালে হোয়াসান-৩১ নামের একটি কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের ছবি প্রকাশ করেছিল উত্তর কোরিয়া। সে সময় দেশটি জানিয়েছিল, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রবাহী ব্যবস্থায় এটি যুক্ত করা সম্ভব।

ছবি: সংগৃহীত

এদিকে কিম একটি পারমাণবিক শক্তিচালিত সরঞ্জাম উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন। বিশ্লেষকদের ধারণা, সেখানে উত্তর কোরিয়ার নৌ পারমাণবিক চুল্লি কর্মসূচির সরঞ্জাম তৈরি করা হচ্ছে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা ছবিগুলোকে নৌ পারমাণবিক চুল্লি স্থাপনার বলে উল্লেখ করেছেন। তার মতে, এ ধরনের স্থাপনার ছবি প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কোরিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা ফোরামের মহাসচিব শিন জং উ বলেন, স্থাপনাটিতে সাবমেরিনের চুল্লি ও বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দেখা সরঞ্জাম আগামী বছর নির্মাণের পরিকল্পনায় থাকা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে ব্যবহার করা হতে পারে।

পরিদর্শনের সময় কিম আরও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখা হবে। তিনি বলেন, আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, সেই শত্রুভাবাপন্ন শক্তিগুলোর অস্তিত্ব যত দিন থাকবে, তত দিন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মালিকানা একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত।

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে কিম যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পারমাণবিক হুমকির কথা উল্লেখ করেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট অকাসের মাধ্যমে পারমাণবিক বিস্তারের বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়ার আশপাশের দেশগুলোকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে উৎসাহিত করছে ওয়াশিংটন। মিত্রদের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি ও ব্যবহারের চেষ্টা করে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক সামরিক জোটব্যবস্থা গড়ে তুলছে বলেও অভিযোগ করেন তিনি।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনায় অনুমোদন দেন। এরপর থেকে এ কর্মসূচি এগিয়ে নিচ্ছে সিউল।

উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়ানোর ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র উন্নয়নের পক্ষে যুক্তি দেখানো বন্ধ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে প্রতিরোধ সক্ষমতা বাড়ানো এবং পারমাণবিক হুমকি মোকাবিলায় নিজেদের প্রস্তুতি জোরদার করবে বলেও জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ নিয়ে আলোচনার মধ্যে কিমের এই পরিদর্শন ওয়াশিংটনের প্রতি একটি বার্তা। দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল চুল বলেন, এর অর্থ এই নয় যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে। বরং আলোচনার ক্ষেত্রে নিজেদের শর্ত কঠোর করছে পিয়ংইয়ং। ভবিষ্যতে আলোচনা শুরু হলে তা পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে হবে না, বরং একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সঙ্গে আরেকটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের আলোচনার ভিত্তিতে হবে।

শিন জং উ বলেন, কিমের বক্তব্যে একাধিক ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে কথা এসেছে, তা কোরীয় উপদ্বীপের বাইরের লক্ষ্যবস্তুর দিকেও ইঙ্গিত করতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও থাকতে পারে।

২০০৬ সাল থেকে এ পর্যন্ত ছয়বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী পরীক্ষাটি চালানো হয় ২০১৭ সালে। গত আগস্টে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার কাছে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। তবে এ হিসাব বেসরকারি গবেষণা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি এবং এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেছিলেন তিনি।

সূত্র: রয়টার্স