দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় নিহত ২০

দক্ষিণ আফ্রিকার একটি প্লাটিনাম খনিতে লিফট দুর্ঘটনায় ১১ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় রাস্টেনবার্গ শহরের ইমপালা খনিতে এ দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার খনি অপারেটরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

এপির প্রতিবেদনে বলা হয়, ইমপালা প্লাটিনাম হোল্ডিংসের (ইমপ্ল্যাটস) একটি খনিতে ওইদিন শ্রমিকদের বহনকারী একটি লিফট ছিঁড়ে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইমপ্ল্যাটস’র সিইও নিকো মুলার বলেন, এটি ‘ইমপ্ল্যাটসের ইতিহাসে সবচেয়ে কালো দিন।’

বিবৃতিতে আরও বলা হয়, ঠিক কী কারণে লিফটটি ছিড়ে গেছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ইমপ্ল্যাটসের মুখপাত্র জোহান থেরন বলেন, নিহত বা আহত ৮৬ জন খনি শ্রমিকের সবাই লিফটে ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশ্বের বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটিতে খনি দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ২০২২ সালে দেশটিতে একাধিক খনি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন।