ডেমোক্র্যোটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ কিভু প্রদেশে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বুধবার ভারী বৃষ্টিতে এই বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
স্থানীয় গভর্নর অফিসের জানিয়েছে, প্রাদেশিক রাজধানী বুকাভুতে কমপক্ষে ২০ জনের এবং বুরহিনি গ্রামে আশেপাশে আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এর আগে, চলতি বছরের মে মাসেও দক্ষিণ কিভু প্রদেশে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। তখন কালহে টেরিটরি এলাকায় অন্তত ৪৩৮ জনের প্রাণহানি হয়েছিল।
কঙ্গো গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। ফলে বর্ষাকালে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে দেশটি।