আফ্রিকার মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ৯৪ জনেরও বেশি নিহত হয়েছেন। ফেরিতে ১৩০ জনের মত যাত্রী ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
ফেরিটি মোজাম্বিকের নামপুলা অঞ্চলের লুংগা থেকে এক দ্বীপে যাচ্ছিল। মূলত ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা পালিয়ে যাচ্ছিলেন। খবর বিবিসি’র।
ফেরিটিতে অনেক শিশু ছিল। অনেক বেশি মানুষের ভার নিতে না পেরে একপর্যায়ে এটি ডুবে যায়। এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ।
নামপুলার সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো বলেছেন, তারা কলেরা প্রাদুর্ভাব থেকে পালিয়ে যাচ্ছিল । নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানান তিনি।
নেটও জানান, ফেরিটিতে অনেক ভিড় ছিল এবং সেটি যাত্রী বহনের জন্য অনুপযুক্ত ছিল। তাই এটি ডুবে গেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একটি সৈকতে কয়েক ডজন লাশ পড়ে আছে।
পর্তুগিজ সম্প্রচারকারী আরটিপি জানিয়েছে, বোটটি দৃশ্যত লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে নামপুলার উপকূলে যাচ্ছিল। গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।