কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে ছুরি দিয়ে আক্রমণ করার দায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কারা কর্তৃপক্ষ। শুক্রবার একজন সুপরিচিত ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
দেশটির জাতীয় প্রসিকিউটর আলি মোহাম্মাদ জোনাইদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর আক্রমণকারীকে শান্ত করার জন্য একটি কক্ষে বিচ্ছিন্ন করা হয়েছিল। শনিবার সকালে সেলের মেঝেতে তার নিথর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর বিবিসি’র।
ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জটির রাজধানী মোরোনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। তার মৃত্যুর কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
৬৫ বছর বয়সী প্রেসিডেন্টের বিষয়ে তিনি জানান, আসুমানি এখন ভালো আছেন। তার কোন স্বাস্থ্য সমস্যা নেই, তিনি বিপদমুক্ত। তিনি হাতে আঘাত পেয়েছিলেন। আঘাতের স্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রী আবুবাকার সাঈদ আনলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
তিনি সংবাদ সম্মেলনেও ছিলেন, যেখানে সরকারের প্রায় সব মন্ত্রী উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলের হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। ছুরি হামলাকারীকে আহমেদ আবদু নামে একজন ২৪ বছর বয়সী সৈনিক হিসেবে শনাক্ত করা গেছে।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, তারা হামলাকারী ব্যক্তিকে সেই ঘরে দেখেছেন, যেখানে শুভাকাঙ্ক্ষীরা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন। তিনি অতর্কিতে প্রেসিডেন্টকে ছুরিকাঘাত করেন এবং শোককারীদের একজন থামানোর আগেই রাষ্ট্রপতির হাতে জখম হয়।
প্রেসিডেন্ট আসুমানি প্রথম ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এক দশক ক্ষমতায় থাকার পর, তিনি ২০১৬ সালে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হন এবং গত জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হন। ভোটটি ব্যালট স্টাফিংয়ের অভিযোগে বিঘ্নিত হয়েছিল এবং এরপরে দুইদিন দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। আজালির বিরুদ্ধে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের অভিযোগ রয়েছে। তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।