পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে সরু পাহাড়ি রাস্তা থেকে একটি বাস ছিটকে গভীর গিরিখাতে পড়ে যাওয়ায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে।
সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র।
পুলিশের এক কর্মকর্তা জানান, দু’টি অ্যান্ডিয়ান শহরের মধ্যে চলাচল করা বাসটি ভোররাতের দিকে হুয়ানকাভেলিকা অঞ্চলে ২০০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রতিরক্ষামন্ত্রী জর্জ শ্যাভেজ জানান, এতে ২৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি নদীর কাছে পড়ে থাকতে দেখা যায়। বাসটির চারপাশে ধ্বংসাবশেষ এবং ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য নিউইয়র্কে অবস্থান করা দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত মাসেও এ অঞ্চলে একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হন।