মেক্সিকোতে খবর সংগ্রহে গিয়ে তিন সাংবাদিক গুলিবিদ্ধ

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপূর্ণ গুয়েরেরো রাজ্যে তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার তারা খবর সংগ্রহ করে ফেরার সময় এক সশস্ত্র হামলার শিকার হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা রাজ্যের রাজধানী চিল্পানসিঙ্গোতে একটি হত্যাকাণ্ডের রিপোর্ট সংগ্রহ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তারা গুলিবিদ্ধ হন। হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর এএফপি’র।

প্রসিকিউটররা জানান, এই তিন সাংবাদিকর পিঠ, বাহু এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম জেসাস অ্যান্তোনিও দে লা ক্রুজ, অস্কার গুয়েরা এবং ভিক্টর মাতেও ফ্রান্সিসকো।

মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানায়, বর্তমানে গুলিবিদ্ধ ওই তিন সাংবাদিকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরএসএফ সোস্যাল মিডিয়া এক্সে দেওয়া বার্তায় বলেছে, ‘আরএসএফ এই তিন সাংবাদিকের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।’ 

আরএসএফ জানায়, এই তিন সাংবাদিক স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক ও অপরাধের রিপোর্ট করে থাকেন।

খবরে বলা হয়, আরও তিনজন সাংবাদিককে অপহরণ করার এক সপ্তাহ পর এ হামলার ঘটনা ঘটলো। আরএসএফ জানায়, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম একটি দেশ হিসেবে মেক্সিকোকে বিবেচনা করা হয়ে থাকে।