রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গালাগালের কড়া জবাব দিয়েছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে গালাগাল করেন বাইডেন।
বৃহস্পতিবার এর জবাবে ক্রেমলিন বলেছে, পুতিনকে কটূক্তি করে জো বাইডেন নিজেকে হেয় করেছেন। তার এ মন্তব্যের জন্য নিজের দেশকে অপদস্থ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে প্রচারণার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখছিলেন বাইডেন। সেসময় তিনি বলেন, মানবজাতির অস্তিত্বের জন্য সর্বশেষ হুমকি হলো জলবায়ু পরিবর্তন। কিন্তু পুতিনের মতো কিছু ‘ক্রেজি সন অব এ বিচ’র কারণে আমাদের সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে, যা জলবায়ুর জন্য চরম হুমকি।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে যে ভাষায় মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন, তা আমাদের প্রেসিডেন্ট কখনও ব্যবহার করেন না। যারা এ ধরনের শব্দ ব্যবহার করেন, তাদের অপদস্থ হতে হয়।
গালাগালির প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, বাইডেনের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের জন্যই বড় লজ্জার। এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট বাইডেন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে গিয়ে হলিউডের কাউবয়দের মতো আচরণ করছেন।
প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণ দিনদিন বেড়েই চলেছে। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেছিলেন, আমরা জানি না ঠিক কী ঘটেছিল। তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডাদের কারণেই হয়েছে। এটি পুতিনের নৃশংসতার প্রমাণ।
তবে ওই বিষয়টি অস্বীকার করে ক্রেমলিন বলেছে, নাভালনির মৃত্যুর সঙ্গে পুতিনের জড়িত থাকার যে দাবি পশ্চিমারা তুলেছে, তা ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য।
এদিকে, ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, বাইডেনের এসব মন্তব্য ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তার দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রতিবাদ নোট পাঠিয়েছে। আন্তোনভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, মস্কো এমন মন্তব্য প্রত্যাশা করে না। নভেম্বরের মার্কিন নির্বাচনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এই ধরনের মন্তব্য রুটিন হয়ে যাচ্ছে।