বলিভিয়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ১৪

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ব্যস্ত রাস্তায় একটি মালবাহী ট্রাক ও এক যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় পুলিশ কর্মকর্তা জুলিও লরেয়া জানান, নিহতদের মধ্যে ৯ জন নারী, চারজন পুরুষ ও এক শিশু রয়েছেন। খবর এএফপি’র।

তিনি জানান, ট্রাকটির চালক বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি লবণ বোঝাই ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে লেন অতিক্রম করে বাসটিকে ধাক্কা দেয়।

আন্দিয়ানের ওরুরো এবং পোটোসি শহরকে সংযোগকারী একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান স্থানীয় এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় আরেক পুলিশ কর্মকর্তা অ্যাদেত ক্যাব্রেরা দুর্ঘটনাস্থল থেকে টিভি চ্যানেল রেড ইউনো’কে বলেন, ‘লেন মেনে গাড়ি না চালানো, দ্রুত গতি এবং সাবধানতার অভাব’ এ দুর্ঘটনার কারণ।

এ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া ট্রাকের চালককে পুলিশ পাহারায় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ক্যাব্রেরা।