পেরুতে বাস পাহাড়ি নদীতে পড়ে নিহত ২৫

পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হতাহতের এ সংখ্যা জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় বাসটি সেলেনডিন থেকে সোরোচুকো শহরের দিকে যাচ্ছিলো বলে জানান কাজামারকা অঞ্চলের প্রাদেশিক প্রসিকিউটর ওলগা বোবাডিলা। খবর রয়টার্স’র।

ওলগা বোবাডিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, অসমতল রাস্তার কারণে হঠাৎ বাসটি উল্টে নদীতে পড়ে বিধ্বস্ত হয়।

স্থানীয় সরকার এই দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে।

পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতে এবং পাহাড়ি হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। 

এছাড়াও দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়মকানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

গত বছর, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।