ভিনগ্রহের প্রাণী নিয়ে ধোঁয়াশা কাটালেন বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এলিয়েন’ বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ইন্টারনেটে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে তিনি পুনরায় বিষয়টি পরিষ্কার করেন। ওবামা জানিয়েছেন, মহাকাশে প্রাণের অস্তিত্ব থাকার গাণিতিক সম্ভাবনা থাকলেও, তারা কখনও পৃথিবী ভ্রমণ করেছে, এমন কোনো প্রমাণ তিনি পাননি।

গত শনিবার মার্কিন পডকাস্ট সঞ্চালক ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন ওবামা। সেখানে একটি দ্রুতগতির প্রশ্নোত্তর পর্বে কোহেন তাঁকে জিজ্ঞেস করেন, এলিয়েনরা কি সত্যি?” ওবামা কিছুটা রহস্য করে উত্তর দিয়েছিলেন, ওরা বাস্তব, কিন্তু আমি ওদের দেখিনি।

তিনি আরও যোগ করেন, ‘এরিয়া ৫১’-এ কোনো গোপন ভূগর্ভস্থ গবেষণাগারে এলিয়েনদের লুকিয়ে রাখা হয়নি। তাঁর রসিকতা ছিল এমন, যদি না বিশাল বড় কোনো ষড়যন্ত্র করে প্রেসিডেন্টের কাছেই এই তথ্য গোপন করা হয়ে থাকে।

ওবামার এই মন্তব্য সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রোববার তিনি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ ব্যাখ্যা প্রদান করেন। তিনি লেখেন, প্রশ্নোত্তর পর্বের দ্রুততা বজায় রাখতে গিয়ে আমি ওইভাবে উত্তর দিয়েছিলাম। তবে বিষয়টি যেহেতু দৃষ্টি আকর্ষণ করেছে, তাই আমি পরিষ্কার করে বলছি, পরিসংখ্যান দেখলে, মহাবিশ্ব এতটাই বিশাল যে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে পৃথিবীতে এলিয়েনদের আসার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ওবামা বলেন, সৌরজগতগুলোর মধ্যে দূরত্ব এত বেশি যে আমাদের এখানে ভিনগ্রহের প্রাণীদের আসার সম্ভাবনা অত্যন্ত কম। আমার দীর্ঘ আট বছরের প্রেসিডেন্ট থাকার সময় আমি এমন কোনো প্রমাণ দেখিনি যা প্রমাণ করে, কোনো ভিনগ্রহের প্রজাতি আমাদের সাথে যোগাযোগ করেছে।

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামা আগেও এলিয়েন নিয়ে কথা বলেছেন।

২০২১ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি কৌতুহলী হয়ে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন, কোথাও কি এলিয়েনদের নমুনা বা মহাকাশযান লুকিয়ে রাখা হয়েছে? তখন কর্মকর্তারা অনুসন্ধান চালিয়ে জানিয়েছিলেন, বাস্তবে এমন কিছুর অস্তিত্ব নেই।

তবে আকাশে দেখা যাওয়া বেশ কিছু অমীমাংসিত বস্তু বা ইউএফও- এর ফুটেজ সম্পর্কে তখন কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। বারাক ওবামার এই ব্যাখ্যার পর মহাকাশ গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রাচীন রহস্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।