প্রতিদিন একজনের যুদ্ধের হুমকি শুনে ঘুম ভাঙতে পারে না

বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি তোপ দাগলেন হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দার দিকে। নাম না নিলেও লুলার নিশানায় যে ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর বিতর্কিত ‘সোশ্যাল মিডিয়া কূটনীতি’, তা বুঝতে কারোরই বাকি নেই।

মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ব্যর্থতায় এমনিতেই ক্ষুব্ধ লুলা। কিন্তু তাঁর বিরক্তির মূল কারণ এখন ট্রাম্পের নিয়মিত পোস্টগুলো, যেখানে প্রতিনিয়ত ইরানকে ধ্বংস করার হুমকি দেয়া হচ্ছে। লুলা বেশ চড়া সুরেই বলেন, আমরা প্রতিদিন সকালে কোনো এক প্রেসিডেন্টের টুইট বা পোস্ট দেখে ঘুম থেকে উঠতে পারি না, যেখানে তিনি বিশ্বকে হুমকি দিচ্ছেন কিংবা যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আবার রাতেও একই হুমকি শুনে ঘুমাতে যেতে পারি না।

লুলা মনে করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুরোপুরি ব্যর্থ। তাঁর মতে, শক্তিধর দেশগুলো শান্তির চেয়ে যুদ্ধের দামামা বাজাতেই বেশি ব্যস্ত। ট্রাম্প যেভাবে নিয়মিত বিরতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে ইরান নিয়ে মারমুখী বার্তা দিচ্ছেন, তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ইঙ্গিত করেছেন ব্রাজিলীয় এই নেতা।

লুলার এই বক্তব্যের পর কূটনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। যেখানে ট্রাম্পের এক একটি পোস্ট তেলের বাজার থেকে শুরু করে শেয়ার বাজার পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে, সেখানে লুলার এই মন্তব্য বিশ্বনেতাদের একাংশের মনের কথাই যেন প্রতিধ্বনি করল। এখন দেখার বিষয়, লুলার এই ‘সসি’ মন্তব্যের পর চিরচেনা মেজাজের ট্রাম্প পাল্টা কোনো টুইট বা পোস্ট করেন কি না!

তথ্যসূত্র: আল জাজিরা