আটটি যুদ্ধ থামিয়েছি, আমার চেয়ে যোগ্য কেউ নেই: ট্রাম্প

নরওয়েজিয়ান নোবেল কমিটির বহুল প্রতীক্ষিত 'নোবেল শান্তি পুরস্কার' ঘোষণার ঠিক আগের মুহূর্তে আবারও বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সোজা দাবি করেছেন, তিনি বিশ্বজুড়ে অন্তত আটটি রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়েছেন এবং এমন সব কাজ করেছেন যা ইতিহাসে অন্য কোনো প্রেসিডেন্ট করতে পারেননি। তাই এবার তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেয়া হলে তা নোবেল কমিটির জন্য একটি ‘বড় ধরনের অযোগ্যতা বা কলঙ্ক’ বলে বিবেচিত হবে।

Trump UNGA 04
শুক্রবার অসলো থেকে শান্তি পুরস্কার বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা রয়েছে। তার ঠিক দু'দিন আগে বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প তাঁর মেয়াদকালের ভূ-রাজনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, আমি আত্মবড়াই করছি না, শুধু তথ্যগুলো সামনে আনছি। আমেরিকার ইতিহাস তো বটেই, সম্ভবত বিশ্বের কোনো প্রেসিডেন্টই আট-আটটি যুদ্ধ থামাতে পারেননি, যা আমি করে দেখিয়েছি। তারা হয়তো আমার মতো রাজনৈতিক মতাদর্শের মানুষকে নোবেল না দেয়ার জন্য কুখ্যাত, তবে আমি এটি পাই বা না পাই, আমি যা করেছি তা নজিরবিহীন।

Trump-Xi Meet 03
ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে রক্তপাত বন্ধে তাঁর এই শান্তির প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ইঙ্গিত দিয়ে তিনি জানান, তিনি খুব শিগগিরই আরও একটি বড় যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন, যার মাধ্যমে তিনি মূলত গত আট মাস ধরে চলতে থাকা মার্কিন-ইরান সামরিক উত্তেজনার কথা বুঝিয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শুধু কূটনীতিই নয়, বাণিজ্যক্ষেত্রে অন্য দেশকে অতিরিক্ত শুল্কের হুমকি দিয়েও তিনি বিশ্বকে বড় ধরনের যুদ্ধের হাত থেকে রক্ষা করেছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০০৯ সালে নোবেল জয়ের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ওবামাকে নিশানা করে তিনি বলেন, ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন, অথচ তিনি কিচ্ছুই করেননি! তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই এই পুরস্কার পেয়েছিলেন এবং আজ পর্যন্ত ওবামা নিজেও জানেন না ঠিক কী কারণে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

Trump 04
এখানেই থামেননি ট্রাম্প, তিনি গত বছরের নোবেলজয়ী ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর প্রসঙ্গ টেনে নিজের পক্ষে সাফাই গান। ট্রাম্প দাবি করেন, মারিয়া নিজেই ওভাল অফিসে এসে তাঁর পদকটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, গতবার তারা এক অসাধারণ তরুণীকে এই নোবেল দিয়েছিল। কিন্তু সে নিজেই এসে আমাকে বলেছিল যে, এই পুরস্কারের প্রকৃত যোগ্য সে নয়, বরং আমি। সে আমাকে সেটি উপহার দিয়ে বলেছিল, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য আর কেউ নেই। অপ্রত্যক্ষভাবে সেই সম্মান পেয়ে আমি গর্বিত।

বিশ্বজুড়ে সব বন্দিদের মুক্ত করে আনা, বাণিজ্যিক চাপ সৃষ্টি করে সংঘাত ঠেকানো এবং আটটি যুদ্ধ নিরসনের বানোয়াট ও বিতর্কিত পরিসংখ্যান সামনে এনে শুক্রবারের নোবেল ঘোষণার আগে নোবেল কমিটির ওপর এক অভূতপূর্ব কূটনৈতিক ও মানসিক চাপ তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: সিএনএন-রয়টার্স-আল জাজিরা