ইরান সংঘাত দ্রুত শেষ করার ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার ইতি খুব দ্রুত ঘটতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সংঘাতের সমাপ্তি হয় একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে হবে, নয়তো নতুন এক মার্কিন সামরিক অভিযানের মধ্য দিয়ে তা নিষ্পত্তি করা হবে।

‘রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, আমরা এক বিশাল বিজয় অর্জন করেছি এবং যেভাবেই হোক খুব শিগগিরই আমরা এই বিষয়ের সমাধান করব।

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আইওয়া রাজ্যে আয়োজিত এক নির্বাচনি প্রচার সমাবেশে তিনি আরও স্পষ্ট করে বলেন, হয় তারা চুক্তিতে আসবে, না হয় আমরা সংঘাতের ইতি টানব, যাকে বলা চলে খুব সহজ পথ।

সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, আমি এখন পর্যন্ত ইরানের ওপর চূড়ান্ত পদক্ষেপ নেইনি শুধু মানবিক কারণে, যাতে অজস্র মানুষের প্রাণ বাঁচানো যায়। কিন্তু একটা সময়ে গিয়ে আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতেই হবে।

এদিকে ট্রাম্প নিশ্চিত করেছেন, রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তাঁর টেলিফোনে এক খুব ভালো কথা হয়েছে। আলাপের বিস্তারিত প্রকাশ না করলেও ট্রাম্প জানান যে, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল ইরান সংকট।

তবে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই নেতার মধ্যকার এই ফোনালাপের পরিবেশ কিছুটা উত্তপ্ত ছিল। ট্রাম্প যেখানে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ দিতে চান, সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে অবিলম্বে সামরিক হামলা চালানোর জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছেন।

তথ্যসূত্র: সিএনএন-রয়টার্স