ইকুয়েডরে মার্কিন সামরিক ঘাঁটি থাকার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। গুয়াইয়াকিল বন্দরের কাছে তাউরা বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও যুদ্ধবিমানের অস্বাভাবিক উপস্থিতির বিষয়ে সংবাদমাধ্যম এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন।
রোববার এক সাক্ষাৎকারে নোবোয়া দাবি করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে মার্কিন সামরিক কর্মীরা কেবল অস্থায়ী কার্যক্রমে অংশ নিতে সেখানে অবস্থান করছেন। তিনি বলেন, এটি কোনো আমেরিকান ঘাঁটি নয়, এটি একটি ইকুয়েডরীয় ঘাঁটি। তবে বিমানগুলোর উপস্থিতি বা ঘাঁটিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের অনুরোধ তিনি এড়িয়ে যান।
এর আগে গত মাসে এএফপির এক অনুসন্ধানে জানানো হয়, জুন থেকে মধ্য অক্টোবরের মধ্যে তাউরা বিমানঘাঁটিতে প্রায় ২০টি মার্কিন সামরিক ফ্লাইট পরিচালিত হয়েছে এবং সেখানে ডাবল টেন্ট ও অবকাঠামোগত কাজ করা হয়েছে। এই সামরিক উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় তৎকালীন বিমান বাহিনী প্রধান জেনারেল মৌরিসিও সালাজারকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়।
গত বছরের নভেম্বরে এক গণভোটে ইকুয়েডরের জনগণ বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে রায় দেয়। তা সত্ত্বেও মাদক পাচার দমনে ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে কুইটো। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই যৌথ অংশীদারত্বকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা