মুহূর্তেই ধসে পড়লো গোটা পাঁচ তলা ভবন

এই ছিলো এই নেই! কিছুক্ষণ আগেও যে বাড়ি দাঁড়িয়েছিল বুক টান করে, মুহূর্তেই সেটি মাটিতে মিশে গেলো। আর এমন এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেলো ভারতের হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন শহর সিমলাতে। সেখানে পাঁচ তলা একটি ভবন আকস্মিকভাবে ধসে পড়েছে।

ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার সিমলার কাছে ঘান্ডাল গ্রামে জাতীয় মহাসড়কের উপর অবস্থিত একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। ভবনটি ধসে পড়ার পর সড়কটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধামী ১৬ মাইলে খনন কাজ করার পর ভবনের পাশের সড়কে ফাটল দেখা দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে ভবনটি ভেঙে পড়ছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

building

ভবনটি ধামির ডিগ্রি কলেজের কাছে অবস্থিত, সেখানে ফাটলও দেখা দিয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, কারণ পাঁচ তলা ভবনে বসবাসকারী আইন কলেজের শিক্ষার্থীদের সম্ভাব্য ক্ষতি এড়াতে এক সপ্তাহ আগে খালি করতে বলা হয়েছিল। এছাড়া ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিলো।