আম্বানি-পুত্রের দ্বিতীয় প্রাকবিবাহ উৎসব শুরু

এশিয়ার অন্যতম ধনী ভারতীয় শতকোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাকবিবাহ উৎসব শুরু হতে চলেছে বুধবার।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’ এর তথ্যমতে, অনুষ্ঠান শুরুতে ইতালির সিসিলির রাজধানী পালের্মোর তিন হাজার বছরের ঐতিহ্যবাহী ক্রুজ বন্দর থেকে ছাড়বে প্রমোদতরী। সেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও বলিউডের নামীদামী তারকারা। চারদিন পর ১ জুন অনুষ্ঠান শেষে বিলাসবহুল এই প্রমোদতরী পৌঁছাবে সুইজারল্যান্ড।

প্রাকবিবাহের আমন্ত্রণপত্রের নামকরণ করা হয়েছে ইতালীয় লেখক ড্যানিয়েলা রিহারের গ্রন্থ ‘লা ভিটা এ উন ভিয়াজ্জিও’ এর নামানুসারে। যার অর্থ ‘লাইফ ইজ আ জার্নি’ । অনুষ্ঠানে যোগ দিতে এররইমধ্যে রওনা দিয়েছেন মুম্বইয়ের প্রথম সারির তারকারা।

অভিনেতা রণবীর সিং, স্ত্রীসহ প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অভিনেতা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। আনুমানিক ৩০০ ভিআইপি অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন রিলায়েন্স কর্তা-গিন্নি মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।

আম্বানি পুত্রের বিবাহ উৎসব

অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, প্রমোদতরীতে ওঠার সময় তারা যেন কোনো বহন না করেন। কারো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্যই এই সতর্কতা নেয়া হয়েছে।

গত মার্চে গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠানে আলাদা আলাদা থিম ধরে তিন দিনে অতিথি সমাগম, অনুষ্ঠানের বৈচিত্র্য, ভারতীয় ঐতিহ্যের প্রদর্শন আর খরচের বহরে রীতিমত ইতিহাস গড়েছিল আম্বানিরা।

হলিউড-বলিউডের সুপারস্টাররাসহ বিশ্বের বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী, সংগীত আর খোলার মাঠের দাপুটেরাও এসেছিলেন আম্বানির আমন্ত্রণে।