করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৩

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে বৃহস্পতিবার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্স।

পুলিশ জানায়, ঘনবসতিপূর্ণ এই শহরের পূর্ব অংশে অবস্থিত 'সোলজার বাজার' নামক আবাসিক এলাকার একটি বহুতল ভবনের প্রথম তলায় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ধ্বংসস্তূপ থেকে এক ডজনেরও বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

উল্লেখ্য, গত মাসে করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।