সারাবিশ্ব ঘুরে বেড়ানোর স্বপ্ন নিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল প্রমোদতরীতে চেপেছিলেন বিশ্বজুড়ে একদল উচ্চবিলাসী ও অবসরে থাকা যাত্রী। তবে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সাড়ে তিন বছরের বিশ্বভ্রমণ মাঝপথেই মুলতবি ঘোষণা করেছে মার্কিন পর্যটন প্রতিষ্ঠান 'ভিলা ভি রেসিডেন্সেস'। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রমোদতরী ‘ভিলা ভি ওডিসি’র প্রায় ২০০ যাত্রী এখন কম্বোডিয়ায় আটকা পড়ে হোটেলবন্দী দিন কাটাচ্ছেন।
২০২৪ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে ‘ভিলা ভি ওডিসি’ যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল সাড়ে তিন বছরে প্রায় ১৫০টি দেশ ঘুরে বেড়ানো। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয়ের পর 'দেশ ছাড়তে চাওয়া' ধনকুবেরদের জন্য কোম্পানিটি চার বছর মেয়াদি বিশেষ প্যাকেজ ও আজীবন বসবাসের সুযোগ চালু করেছিল। একেকটি স্থায়ী কেবিনের দাম ছিল ১ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত, যা ভাড়া নেওয়া যেত মাসে সাড়ে তিন হাজার ডলারে।
তবে সংস্থাটি জানিয়েছে, এশিয়ায় তাদের প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১,৮০০ ডলার থেকে লাফিয়ে ৮,০০০ ডলারে পৌঁছেছে। জাহাজের গতি কমিয়ে এবং বন্দরে বাড়তি সময় কাটিয়েও এই বিপুল চাপ সামলানো সম্ভব হয়নি। ৭৫০ দিনেরও বেশি সময় সাগরে কাটানোর পর মঙ্গলবার হঠাৎ যাত্রা স্থগিতের ঘোষণা আসে। প্রতিষ্ঠানটি পরবর্তী ৬০ দিন ব্যবসা পুনর্গঠন ও তহবিল সংগ্রহের চেষ্টা করবে, যদিও ভ্রমণ পুনরায় শুরুর কোনো নিশ্চয়তা নেই।
এদিকে কম্বোডিয়ার বিভিন্ন হোটেলে সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন ধনী যাত্রীরা। অনেকেই আগেভাগে ব্যাগ গুটিয়ে নিজের দেশে ফিরলেও, ক্যাট ক্যাপ্টেনকে সাথে নিয়ে কম্বোডিয়ায় অবস্থান করা পর্যটক হোলি হেনেসির মতো অনেকে এখনো সাগরে ফেরার আশায় ব্যাকুল। তাঁর স্পষ্ট কথা, একেবারে সব শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ছি না। সাধারণ জীবনে ফিরে যাওয়া বড্ড পানসে, তার চেয়ে কম্বোডিয়ায় আড্ডা দেওয়া খারাপ কী!
তথ্যসূত্র: বিবিসি