ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোবতাইন বসতি রুশ সেনাদের হাত থেকে মুক্ত করার দাবি করেছে ইউক্রেন।
সোমবার উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারকে উদ্ধৃত করে সামরিক বাহিনী বলেছে, ‘রোবতাইনকে মুক্ত করা হয়েছে।’
ইউক্রেনের সামরিক বাহিনী গত সপ্তাহে বলেছিল, তাদের বাহিনী এই কৌশলগত বসতিতে জাতীয় পতাকা উত্তোলন করেছে, কিন্তু সেখানে এখনও তারা অভিযান চালাচ্ছে।
রোবতাইনে সৈন্যদের নেতৃত্ব দেয়া একজন কমান্ডার গত সপ্তাহে রয়টার্সকে বলেন, ইউক্রেনীয় বাহিনী বিশ্বাস করে যে তারা দক্ষিণে রাশিয়ান প্রতিরক্ষার সবচেয়ে কঠিন লাইন ভেঙ্গেছে এবং তারা এখন আরও দ্রুত অগ্রসর হতে শুরু করবে।
বসতিটি জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইন শহর ওরিখিভ থেকে ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাশিয়ান-অধিকৃত রাস্তা এবং রেল হাব টোকমাকের পথে এর অবস্থান।
মালিয়ার ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন, কিয়েভের সৈন্যরা, যারা জুনের শুরুতে তাদের পাল্টা আক্রমণ শুরু করেছিল, তারা এখন রোবতাইনের দক্ষিণ-পূর্বে এবং নিকটবর্তী মালা তোকমাচকার দক্ষিণে অগ্রসর হচ্ছে।
মালিয়ার পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে গত সপ্তাহে বলেন, রাশিয়ান সৈন্যরা সেখানে নতুন বাহিনী সংগ্রহ ও পুনর্গঠন করছে এবং মস্কো সেখানে তার সেরা সেনা মোতায়েন করার লক্ষ্য নিয়েছে।
ইউক্রেনীয় বাহিনী বাখমুতের দক্ষিণে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী বাখমুতের চারপাশে এক বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে এবং রাশিয়ান সৈন্যরা কোনো অগ্রগতি করেনি।
ইউক্রেনের মধ্য পোলতাভা অঞ্চলে একটি উদ্ভিজ্জ তেলের কারখানায় বিমান হামলায় দুইজন নিহত হয়েছে বলে অঞ্চলটির গভর্নর জানিয়েছেন।
রাশিয়া বলেছে, তারা সোমবার ভোরে মস্কোর দিকে উড়ে আসা একটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে এবং এই ঘটনায় রাশিয়ার রাজধানীতে সংক্ষিপ্তভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়।