ইউক্রেনের রাজধানী কিয়েভ ও নিকটবর্তী অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার প্রায় ৫২ দিন পর দেশটির পূর্ব ও দক্ষিণ অঞ্চলে গুলি ও ড্রোন হামলার কথা জানায় ইউক্রেনীয় কর্মকর্তারা।
তবে এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো। খবর রয়টার্স’র।
সের্হি পপকো বলেন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সকাল আটটায় এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে পপকো বলেন, দীর্ঘ ৫২ দিন পর কিয়েভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। যদিও ক্ষেপণাস্ত্রটি কিয়েভে পৌঁছাতে পারেনি। কারণ রাজধানীতে আসার আগেই সেটিকে ভূপাতিত করেছে বিমান রক্ষীবাহিনী।
মধ্য কিয়েভ অঞ্চলের আঞ্চলিক গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো বলেন, ওই এলাকার পাঁচটি ব্যক্তিগত বাড়ি এবং বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি রুশ ক্ষেপণাস্ত্র একটি খোলা মাঠে আঘাত করেছে বলেও জানান তিনি।
ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৩১টি রুশ ড্রোনের মধ্যে ১৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এগুলো ইরানের তৈরি শহীদ ড্রোন।
ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। বিস্তারিত কোনও কিছু না জানিয়ে তিনি বলেন, এই হামলায় তিনজন আহত হয়েছেন এবং বন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।