বাল্টিক সাগরে ড্রোন হামলায় জ্বলছে রুশ কার্গো জাহাজ

বাল্টিক সাগরে সামরিক-সংশ্লিষ্ট একটি রুশ কার্গো জাহাজে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে গেছে। শনিবার রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ‘স্পার্টা ২’ নামের জাহাজটি হামলার শিকার হয় এবং পরবর্তীতে জ্বলন্ত অবস্থায় ভেসে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই হামলার পেছনে সম্ভবত ইউক্রেন রয়েছে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ থেকে রুশ ছিটমহল কালিনিনগ্রাদের উদ্দেশে রওনা হওয়া ১২১ মিটার দীর্ঘ ‘স্পার্টা ২’ জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত এবং এটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সহায়তা দেওয়া প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকার মালিকানাধীন।

Russian Cargo Attack 02
ফিনিশ সীমান্তরক্ষী কমান্ডার ইলজা ইলজিন জানান, জাহাজটির ১৬ জন ক্রু লাইফবোটে করে পাশের একটি রুশ জাহাজে আশ্রয় নিয়ে রাশিয়ায় ফিরে যাচ্ছেন; জাহাজটিতে ঠিক কী পণ্য ছিল তা নিশ্চিত হওয়া না গেলেও সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলতে থাকায় ফিনিশ জলসীমায় নোঙর করা জাহাজটির উদ্ধার ও নির্বাপন অভিযানে নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড, আর দূষণ নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণে সহায়তা করতে একটি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে এস্তোনিয়া।

উদ্ধার চলাকালে একটি রুশ হেলিকপ্টার সংক্ষিপ্ত সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পূর্ব ফিনল্যান্ড উপসাগরে সাময়িক বিমান ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে হেলসিঙ্কি; পাশাপাশি ফিনল্যান্ড ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ফিনিশ কমান্ডের অধীনে আকাশে টহল দিয়েছে সুইডিশ যুদ্ধবিমান।

Russian Cargo Attack 01
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো সামাজিক মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, যুদ্ধ আমাদের প্রতিবেশী অঞ্চলে ছড়িয়ে পড়ছে... তবে আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখালও বাল্টিক সাগরে এই ঘটনাকে আগ্রাসন থামানোর আরেকটি বার্তা উল্লেখ করে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এদিকে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ সীমান্ত থেকে প্রায় ৩ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দুটি ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে এবং রাতভর লেনিনগ্রাদ অঞ্চলে ৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সি বেসপ্রোজভানিখ জানিয়েছেন, এই ঘটনায় অঞ্চলটিতে পণ্য সরবরাহে কোনো হুমকি তৈরি হয়নি; তবে ইউক্রেন বা হেলসিঙ্কির রুশ দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তথ্যসূত্র: রয়টার্স