ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার কারামা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর নিষিদ্ধ ‘সাদা ফসফরাস’ বোমা ব্যবহারের অভিযোগ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার কারামা এলাকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইলি বাহিনী। খবর আল জাজিরা’র।
এ বিষয়ে ইউরোপিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদো এক্স-এ একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইসরাইলি সামরিক বাহিনী গাজার জনবহুল এলাকায় বিষাক্ত ফসফরাস ব্যবহার করছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে।’
এর আগেও গাজায় ইসরাইলের এ ধরনের বোমা ব্যবহার প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী।
১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ঘনবসতিপূর্ণ স্থানে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এই বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার সকালে ইসরায়েলে অতর্কিত আক্রমণ চালায়। কিছুক্ষণের মধ্যে গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলের দক্ষিণাঞ্চলের দিকে অন্তত পাঁচ হাজার রকেট ছুড়ে তারা। এতে দিশা হারিয়ে ফেলে ইসরাইলি সীমান্তরক্ষীরা। এরপর হামাসের কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা কাটাতারের বেষ্টনী ভেদ করে ইসরাইলে প্রবেশ করে তাণ্ডব চালায়।
এর জেরে গাজায় শনিবার থেকে বুধবার পর্যন্ত বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।