পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী ভারতসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা। মঙ্গলবার লঙ্কান মন্ত্রীসভা এই প্রস্তাব অনুমোদন করেছে।
বিনামূল্যে পর্যটন ভিসা পাওয়া বাকি দেশগুলো হচ্ছে জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও রাশিয়া। একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন এই সাত দেশের নাগরিকেরা। খবর ডয়চে ভেলে’র।
পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ।
প্রথমে করোনা মহামারি, তারপর গত বছরের চরম আর্থিক সঙ্কটের কারণে বিক্ষোভ ও জ্বালানিসহ নিত্যপণ্যের চরম সঙ্কটের কারণে দেশটিতে পর্যটক যাওয়া অনেক কমে গিয়েছিল। তবে এ বছর পর্যটক যাওয়া বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত দুই লাখ ৩১০ জন ভারতীয় পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ। এরপরেই আছেন রাশিয়ার পর্যটকেরা, যাদের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৩০০ জন।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা এক দশমিক তিন বিলিয়ন ডলার আয় করেছে, যা গতবছর একই সময়ে ছিল ৮৩৩ মিলিয়ন ডলার।