রাফায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত ২৯

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহ এলাকার তিনটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইলি সেনারা। 

স্থানীয় সময় সোমবার এ হামলা চালানো হয় বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

প্রাথমিকভাবে, নিহতের সংখ্যা ছিল ৯ জন। পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৯ জনে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে।

দেইর এল-বালাহ, মাগাজি এবং বুরেজ শরণার্থী শিবিরসহ গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশ থেকে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজায় নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা রিচার্ড পিপারকর্ন সোমবার জানিয়েছেন, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালটি গত সপ্তাহে ইসরাইলি সেনাদের অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের মাঠে আশ্রয় নেওয়া প্রায় চার হাজার বাস্তুচ্যুত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

উত্তর গাজায় ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার রাফায় আশ্রয় নিচ্ছে ফিলিস্তিনিরা। কিন্তু সেখানেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরা চলা ইসরাইলি আগ্রাসনে প্রায় সাড়ে ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ।