গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৯ হাজার ছাড়ালো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে নিহতের সংখ্যা ২৯ হাজার ৯২ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনি নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিহত ও আহতের পাশাপাশি বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ উপত্যকায় বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্মীর তীব্র ঘাটতি রয়েছে।

এদিকে, হামাস ১০ মার্চের মধ্যে গাজায় আটক সব জিম্মিকে মুক্তি না দিলে গাজার দক্ষিণাঞ্চলের রাফায় স্থল আক্রমণ করবে ইসরাইল, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেণি গ্যান্টজ।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় হামাসসহ ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় এক হাজার ২০০ নিহত ও দুই শতাধিককে জিম্মি করে গাজায় নিয়ে গেছে ফিলিস্তিনি যোদ্ধারা।

জবাবে ওই দিন থেকেই গাজায় লাগাতার বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনও চলমান রয়েছে।