ইসরাইলকে স্থলসেতু বন্ধের হুমকি আরব আমিরাতের

অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে দেয়া না হলে সংযুক্ত আরব আমিরাত হয়ে তেল আবিবে যাওয়ার স্থলসেতু বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে আমিরাত। 

গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তবে এ দাবি বরাবরের মতো অস্বীকার করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ ‘কঠোর হুঁশিয়ারি’ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর গালফ নিউজের।

আমিরাত জানায়, ইসরাইল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দেয়, তবে তারা সংযুক্ত আরব আমিরাত হয়ে তেল আবিবে পৌঁছানোর স্থলপথ বন্ধ করে দেবে।

ইসরাইলি ওয়েবসাইট আই২৪নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, আমিরাত নেতানিয়াহুকে দুইটি বিকল্পের যেকোনো একটি বেছে নিতে বলেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ করার সুযোগ কিংবা গত ডিসেম্বরেই প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ স্থলসেতুটি বন্ধ করে দেয়া।

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল সংযুক্ত আরব আমিরাত। যার ফলে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটি অস্থায়ী নৌ-বন্দর নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

লোহিত সাগরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে রক্ষা পেতে গত ডিসেম্বরে আমিরাত হয়ে তেল আবিবে যাওয়ার নতুন পথটি তৈরি করা হয় উভয় দেশের সম্মতিক্রমে।