নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিবিএস’কে দেওয়া সাক্ষাৎকারটিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি এবং তার আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সংঘাত নিরসন ও আলোচনায় বসতে তেহরান পুরোপুরি প্রস্তুত। তবে এই আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে; কোনো ধরনের ধমক, বলপ্রয়োগ বা একতরফা ‘দাদাগিরি’ মেনে নিয়ে ইরান কখনো আত্মসমর্পণ করবে না।
মার্কিন প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং চলতি বছরের সমঝোতা ভঙ্গের ইতিহাস তেহরানের মনে চরম অবিশ্বাস তৈরি করেছে।
বিশেষ করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানের ওপর আকস্মিক আগ্রাসন চালিয়ে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সেয়েদ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছিল। এরপর গত জুলাই মাসে ইসলামাবাদে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ওয়াশিংটন দ্রুতই হরমুজ প্রণালী সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করে।
পেজেশকিয়ান প্রশ্ন তুলে বলেন, যদি আপনাদের কোনো নেতাকে হত্যা করা হয় এবং চুক্তির শর্ত ভেঙে দেয়া হয়, তবে আপনাদের প্রতিক্রিয়া কেমন হতো? আমরা এনপিটি’র আওতায় আলোচনার মাধ্যমে পরমাণু ইস্যু সমাধানের পক্ষে, তবে প্রতিশ্রুতির বরখেলাপ মার্কিন পক্ষই করেছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’র অচলাবস্থা নিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে ইরানের পথ অবরুদ্ধ করায় তেহরানও যোগ্য জবাব হিসেবে পাল্টা পথ বন্ধ করেছে। বর্তমানে স্তব্ধ হয়ে থাকা এই আন্তর্জাতিক জলপথ সচল করতে ইতিমধ্যেই সাত দিনের এক বিশেষ পরিকল্পনা রূপরেখা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উত্থাপিত যৌক্তিক শর্তগুলো মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং অঞ্চলের যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করার প্রস্তাব বহাল রয়েছে বলে জানান তিনি। তবে শর্ত পূরণ ছাড়া মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে এই পথ খোলার কোনো সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন পেজেশকিয়ান।
তথ্যসূত্র: প্রেসটিভি