সৌদি আরবের রাজধানী রিয়াদের সব স্কুলে সরাসরি ক্লাসরুমে পাঠদান এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে দেশটির শিক্ষা কর্তৃপক্ষ। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে রোববার থেকেই ক্লাসরুমের পঠনপাঠন বন্ধ করে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিক্ষার আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।
সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি রিয়াদের সব শিক্ষক, শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মীদেরও এই পুরো এক সপ্তাহ ‘মাদ্রাসাতি’ নামক সরকারি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তী কাজ ও পাঠদান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার রিয়াদের বহু অভিভাবক তাঁদের বাচ্চাদের স্কুল থেকে অপ্রত্যাশিত ইমেইল ও নোটিশ পেয়ে রীতিমতো চমকে যান।
বার্তা সংস্থা এএফপি’র দেখা দুটি আলাদা মেসেজে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এইমাত্র আমাদের জানানো হয়েছে যে পুরো সপ্তাহজুড়ে স্কুলগুলোর পাঠদান কার্যক্রম সশরীরে বন্ধ থাকবে। কোনো পূর্বঘোষণা ছাড়া একদম শেষ মুহূর্তে জারি করা এই নোটিশের পর অভিভাবকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ালেও বাধ্য হয়েই অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই।
তবে ঠিক কী কারণে বা কোন জরুরি পরিস্থিতির প্রেক্ষাপটে হুট করে সমস্ত স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হলো, সে বিষয়ে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট বা প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সরকারের উচ্চপর্যায় থেকে সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ না পাওয়ায় এই হঠাৎ অনলাইন শিক্ষাব্যবস্থায় স্থানান্তরের সিদ্ধান্তকে কেন্দ্র করে অভিভাবক ও রিয়াদের বাসিন্দাদের মনে নানা কৌতুহল ও প্রশ্ন দানা বাঁধছে।
তথ্যসূত্র: গালফ নিউজ-এএফপি