ইসরাইলে জাতীয় নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই এই গোপন পরিকল্পনা সাজানো হয়।
ভোটের আগে আরব সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে দেয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পুলিশের কাছে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়েরের মাধ্যমে এই অপচেষ্টা চালানো হয়। ইসরাইলি সংবাদমাধ্যম 'চ্যানেল ১২' এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান'-এর আলাদা অনুসন্ধানে এসব বিস্ফোরক তথ্য ফাঁস হওয়ার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে।
বিরোধী নেতারা পুরো ঘটনাটিকে নির্বাচনী প্রক্রিয়ায় নগ্ন হস্তক্ষেপ এবং একটি ‘অভ্যুত্থানচেষ্টা’ বা ক্যু হিসেবে অভিহিত করেছেন। সেই সঙ্গে নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন তারা।
অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে 'ইউনাইটেড আরব লিস্ট' বা রা’আমের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং একটি গোয়েন্দা সূত্রের তথ্য সরবরাহ করেন। পরে জানা যায়, ড্যানিয়েল গ্রিনবার্গ নামের ওই তথ্যদাতা আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক ইয়োসি শেলির জ্যেষ্ঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
গ্রিনবার্গের দেয়া তথ্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে ভোটের কয়েক ঘণ্টা আগে পুলিশ কোনো গ্রেপ্তারি বা তল্লাশি পরোয়ানা ছাড়াই আরব কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এমনকি নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত'-এর প্রধান ডেভিড জিনি বিদেশি হস্তক্ষেপের অজুহাতে আরব বংশোদ্ভূত পাঁচজন সংসদ সদস্যের (নেসেট) ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন, যা অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা প্রত্যাখ্যান করেন।
চ্যানেল ১২-এর তথ্যমতে, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আঁচ করতে পেরে গত ১৫ অক্টোবর উত্তর ইসরায়েলের ইয়ারকা শহরের একটি হলে সমন্বয় সভার মাধ্যমে এই প্রচারণার ছক কষা হয়। নেতানিয়াহু সে সময় উত্তর ইসরায়েল সফরে ছিলেন এবং ওই বৈঠকে চিফ অব স্টাফ ইদো নর্ডেনও উপস্থিত ছিলেন। পুরো প্রকল্পের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ড্যানিয়েল গ্রিনবার্গকে।
এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' জানিয়েছে, গ্রিনবার্গের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশের কম্পিউটার ব্যবস্থায় গোয়েন্দা তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে গ্রেপ্তার হওয়া আরব কর্মীরা ইতোমধ্যে মুক্তি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও প্রায় বন্ধ হওয়ার পথে। বর্তমানে পুলিশ ও বিচার মন্ত্রণালয় গ্রিনবার্গের তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করছে।
যদিও গ্রিনবার্গের আইনজীবী দাবি করেছেন, ছয় মাস আগে চাকরি ছাড়ার পর থেকে রাজনীতির সঙ্গে তার মক্কেলের কোনো সম্পর্ক নেই। রোববার নর্ডেনের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডিংয়ে তাকে বলতে শোনা যায়, তিনি কেবল একজন সাধারণ নাগরিককে পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই নাগরিক যে প্রধানমন্ত্রীর কার্যালয়েরই সাবেক কর্মী, তা তিনি গোপন রেখেছিলেন।
অন্যদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম 'হারেৎজ' জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ইদো নর্ডেনের মাধ্যমে তথ্যদাতাকে পুলিশের কাছে পাঠানোর বিষয়টি স্বীকার করলেও পুরো প্রতিবেদনটিকে 'মিথ্যা' বলে দাবি করেছে। তাদের বক্তব্য, অপরাধসংক্রান্ত তথ্য পেয়ে একজন আইনমান্যকারী নাগরিক হিসেবেই নর্ডেন পুলিশকে জানিয়েছিলেন এবং তদন্তে কোনো হস্তক্ষেপ করেননি।
তবে এই ঘটনা ফাঁস হওয়ার পর ইসরায়েলে ঐক্যবদ্ধ সরকার গঠনের যেকোনো সম্ভাবনা কার্যত ভেস্তে গেছে। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারের ঘটনাকে পুঁজি করে নেতানিয়াহু 'নির্বাচন চুরি' হওয়ার যে দাবি করে আসছেন, তার নেপথ্যে তার কার্যালয়েরই হাত ছিল। আইজেনকট শিবিরের মতে, যা ঘটেছে তা অভ্যুত্থানচেষ্টার চেয়ে কম কিছু নয় এবং এরপর নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সরকার গঠনের আর কোনো সুযোগই অবশিষ্ট নেই।