ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করা, দেশটিকে খণ্ড-বিখণ্ড করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি।
মঙ্গলবার তেহরানে ইমাম খোমেনির মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল ওয়াহিদি বলেন, শত্রু শক্তিগুলো ইরানের বিরুদ্ধে একগুচ্ছ লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। এর মধ্যে ছিল ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানো, দেশের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করে বিভক্ত করা, উপকূলীয় অঞ্চলগুলো দখল করা, অর্থনৈতিক ধস নামানো এবং দেশের ভেতরে অশান্তি সৃষ্টি করা। তবে তাদের এসব উদ্দেশ্যের একটিও সফল হয়নি বলে জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
আইআরজিসি কমান্ডার আরও যোগ করেন, ইরানি জাতি তাদের অবিচল প্রতিরোধের মাধ্যমে পুরো সমীকরণটাই বদলে দিয়েছে।
সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এবং ওয়াশিংটনের কয়েকটি মিত্র দেশের অবস্থানের প্রতি ইঙ্গিত করে জেনারেল ওয়াহিদি বলেন, শত্রুপক্ষ নিজেদের বিশ্বের সবচেয়ে বড় বস্তুগত শক্তি হিসেবে দাবি করা সত্ত্বেও ইরানি জাতিকে মোকাবিলা করার জন্য তাদের অন্যান্য দেশের দ্বারস্থ হতে হয়েছে।
মজার বিষয় হলো, ওয়াশিংটনের ঘনিষ্ঠ কিছু মিত্র দেশও এই ইরানবিরোধী তৎপরতায় প্রকাশ্যে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
আইআরজিসি প্রধান আরও উল্লেখ করেন, ইরানি জাতি এখন আন্তর্জাতিক পর্যায়ে নতুন সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সমীকরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, ইসলামি প্রজাতন্ত্রের শত্রুরা তাদের নানামুখী কৌশলে পরাজিত হয়েছে এবং ইরানের দৃঢ়তার সামনে দাঁড়িয়ে তারা এখন নিজেদের সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে চরম বিভ্রান্তিতে ভুগছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ