বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব এবং বরেণ্য ইসলামি চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রবীণ আলেমের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় তাঁকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র পরিবার বা 'আহলে বাইত'-এর অন্যতম শীর্ষ ফকিহ (ইসলামি আইনজ্ঞ), প্রখ্যাত শিয়া ধর্মীয় কর্তৃপক্ষ, একজন ধর্মপ্রাণ গবেষক এবং ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (হাওজা) একজন কিংবদন্তি শিক্ষক হিসেবে অভিহিত করা হয়েছে।
১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা গ্র্যান্ড আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি তাঁর জীবনের কয়েক দশক ইসলামি জ্ঞানচর্চা, গভীর গবেষণা এবং অধ্যাপনায় উৎসর্গ করেছিলেন। তাঁর হাত ধরে অসংখ্য প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ গড়ে উঠেছেন। এ ছাড়া ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সংরক্ষণে তিনি আজীবন অনন্য ভূমিকা পালন করে গেছেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় সম্প্রতি তাঁকে ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির প্রতিনিধিরা তাঁকে দেখতে গিয়েছিলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। শতবর্ষী এই বরেণ্য আলেমের প্রয়াণে ইসলামি পণ্ডিত ও অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ
