মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা।
তবে কোন শিল্প স্থাপনায় বা কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হলেও হুমকির বিষয়ে কিছু জানানো হয়নি।
হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালানো হয়েছে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে তারা।
আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাবে এ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর এ হামলা চালানো হয়।
এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের হেনগাম দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় হামলার জবাব হিসেবেও এ অভিযান চালানো হয়েছে বলে জানায় বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের আগুনের সূত্রপাত ঘটায়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ইরনা। ওই সংবাদমাধ্যমের দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বারবার দেখা দেওয়া ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বারবার হামলা হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও ইরানের হামলার মুখে পড়েছে।
সর্বশেষ হামলার ঘটনায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি ইরানকে প্রস্তাব ২৮১৭ বাস্তবায়নে বাধ্য করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সমুদ্রপথে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছে।
এদিকে বাহরাইনের শিল্প স্থাপনায় হামলার ঘটনায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই।
তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। সদস্যদেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধ রয়েছে।
হামলা মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপ নেবে, সেসব পদক্ষেপের প্রতিও জিসিসির সমর্থন থাকবে বলে জানান তিনি।
সূত্র: আল-জাজিরা