কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের আকাশসীমায় বেশ কয়েকটি বৈরী ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করার পর সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। হামলায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন—যাঁদের মধ্যে দুজন ইতালীয় নাগরিক, একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি।
চিকিৎসার জন্য চারজনকেই হাসপাতালে নেওয়া হলেও পরে দুই ইতালীয় নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে, তবে মন্ত্রণালয় স্থাপনাটির অবস্থান কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা প্রকাশ করেনি।
ইরানি হামলা হিসেবে বর্ণনা করা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার ক্ষেত্রে সামরিক বাহিনীর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।
কুয়েতের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা সর্বোচ্চ দক্ষতা, নিরবচ্ছিন্ন সতর্কতা এবং অভিযানিক প্রস্তুতি বজায় রেখে দায়িত্ব পালন চালিয়ে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশকে সুরক্ষিত রাখতে এবং নাগরিক ও বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে; পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমে জাতীয় নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সশস্ত্র বাহিনী।
তথ্যসূত্র: গালফ নিউজ