গত দুই দশকে ইতালিতে শিশু যৌন নিপীড়নের দায়ে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হয়ে প্রায় ৬০ জন ক্যাথলিক যাজক কারাদণ্ড পেয়েছেন। ইতালীয় বিশপ কনফারেন্সের (সিইআই) তত্ত্বাবধানে পরিচালিত এবং বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের যাজকদের যৌন নিপীড়ন এবং প্রাতিষ্ঠানিকভাবে তা ধামাচাপা দেওয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিনের যে সংকট চলছে, এই প্রতিবেদন তাতে নতুন মাত্রা যোগ করল। এসব কেলেঙ্কারির কারণে চার্চের বিশ্বাসযোগ্যতা যেমন ক্ষুণ্ণ হয়েছে, তেমনি বিভিন্ন দেশে ক্ষতিপূরণ বাবদ কয়েক শ মিলিয়ন ডলার গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
ইতালিতে নিপীড়নের ঘটনাগুলো মোকাবিলায় চার্চের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল। পর্যবেক্ষকদের মতে, ফ্রান্স, স্পেন ও জার্মানির মতো দেশগুলোতে স্বাধীন তদন্তের মাধ্যমে যাজকদের ব্যাপক নিপীড়নের চিত্র সামনে আনা হলেও ইতালির চার্চ বিষয়টি সামাল দিতে অনেক ধীরগতিতে চলেছে। নতুন এই প্রতিবেদনে ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত চার্চ কর্তৃপক্ষের কাছে আসা ৩৭৮টি মামলা পর্যালোচনা করা হয়েছে, যার মধ্যে ৮৮০টি পৃথক ঘটনা, ৩৫৬ জন অভিযুক্ত নিপীড়ক এবং ৩৮৫ জন ভুক্তভোগীর তথ্য নথিভুক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩৫৬ জন অভিযুক্তের মধ্যে ১২৩ জনের বিরুদ্ধে ইতালির প্রচলিত বিচার ব্যবস্থায় অভিযোগ দায়ের করা হয়েছিল, যাঁদের প্রায় অর্ধেক, অর্থাৎ ৫৭ জন চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেছেন। এ ছাড়া চার্চের নিজস্ব ব্যবস্থায় ২১৮ জন যাজকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ দোষী প্রমাণিত হন।
অভিযুক্ত ৩৫৬ জনের মধ্যে ৮৭ জনকে যাজক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার বা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, ৩৯ জন অবসরে গেছেন এবং ৬৭ জন মারা গেছেন।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভুক্তভোগীদের প্রায় ৭০ শতাংশই ছেলেশিশু এবং ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরেরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই অভিযুক্ত নিপীড়কেরা একাধিকবার এ ধরনের অপরাধ করেছেন এবং অভিযোগগুলোর প্রায় ৩০ শতাংশ ছিল সরাসরি যৌন ক্রিয়াকলাপ-সংক্রান্ত। সিইআই প্রধান কার্ডিনাল মাত্তেও মারিয়া জুপ্পি এক বিবৃতিতে বলেন, এই অপরাধগুলো চার্চের ভেতরে বয়ে চলা এক অশুভ শক্তিকে প্রকাশ করে: আমাদের অবশ্যই একে প্রকৃত নামে ডাকতে হবে এবং এর নৃশংসতা স্বীকার করে নিতে হবে।
প্রতিবেদনটি প্রণয়ন করেছে শিশু সুরক্ষা সংস্থা ‘ইস্তিতুতো দেগলি ইনোচেন্তি দি ফিরেনজে’ এবং বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। তবে তাঁরা স্বীকার করেছেন, ইতালিতে যাজকদের দ্বারা সংঘটিত যৌন নিপীড়নের পূর্ণাঙ্গ চিত্র এই প্রতিবেদনে উঠে আসেনি। গবেষকেরা জানান, কেবল চার্চের আর্কাইভে সংরক্ষিত নথিপত্রের ওপর ভিত্তি করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে; ফলে এটি ঘটে যাওয়া সব ঘটনার পূর্ণ প্রতিফলন নয় এবং এর মাধ্যমে নিপীড়নের প্রকৃত সংখ্যা নিখুঁতভাবে নিরূপণ করা সম্ভব নয়।
পরিস্থিতি মোকাবিলায় ইতালীয় বিশপদের জন্য বেশ কিছু সুপারিশ করেছে গবেষক দল, যার মধ্যে ভুক্তভোগীদের জন্য একটি হেল্পলাইন চালু করা এবং তাঁদের সামনে এগিয়ে আসতে উৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। এ ছাড়া নিপীড়নের তথ্য সংগ্রহ ও গবেষণার জন্য একটি স্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্র (অবজারভেটরি) গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সিইআই তাৎক্ষণিকভাবে তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
তথ্যসূত্র: ফার্স্টপোস্ট
